করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তৈরি পোশাক কারখানা খোলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন সেন্টার (টিইউসি)। এতে যদি করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটে তার দায় সরকার ও কারখানা মালিকদের নিতে হবে বলে জানায় সংগঠনটি। গতকাল শনিবার সংগঠনটির সাধারণ সম্পাদক জলি তালুকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী পরিস্থিতি উপেক্ষা করে সরকারের সম্মতিতে গার্মেন্টস কারখানা (তৈরি পোশাক কারখানা) খুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সময়কালে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই করেছে কারখানাগুলো। সরকার ঘোষিত পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনাও পাচ্ছে। এর পরও লে-অফ নোটিস জারির প্রতিবাদ জানাচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে করোনাভাইরাস যদি ব্যাপকহারে ছড়িয়ে পড়ে তাহলে এর দায় সরকার ও কারখানা মালিকদের নিতে হবে।
