করোনামু্ক্ত হয়ে মার্কিন সরকারের সমালোচনায় মুখর পিঙ্ক

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০১:১২ পিএম

সোশ্যাল মিডিয়া পোস্টে করোনা পরীক্ষা পজিটিভ হওয়ার কথা জানান মার্কিন গায়িকা পিঙ্ক। শুক্রবারের ওই লেখায় তিনি এও উল্লেখ করেন, লস অ্যাঞ্জেলসে কিছুদিন সেলফ-আইসোলেশনে ছিলেন। চিকিৎসক তাকে ছাড়পত্রও দিয়েছে। 

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা যায়, দুই সপ্তাহ আগে পিঙ্ক ও তার তিন বছরের ছেলে জেমসনের শরীরে করোনার লক্ষণ ধরা পড়ে।  পরীক্ষায় গায়িকার ফল পজিটিভ আসে।  এর পর তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলেন।

তার মতে, করোনাজনিত অসুস্থতা আসলেই গুরুতর। সঙ্গে জানান, করোনা পরীক্ষা আরও ব্যাপকভাবে করতে না পারা মার্কিন সরকারের ব্যর্থতা। এই পরীক্ষা সব নাগরিকের জন্য সহজ করতে হবে।

করোনা মোকাবিলায় পিঙ্ক ইতিমধ্যে টেম্পল ইউনিভার্সিটি হসপিটাল ইমার্জেন্সি ফান্ডে ৫ লাখ ডলার অনুদান দিয়েছেন। আরও ৫ লাখ ডলার দিয়েছেন লস অ্যাঞ্জেলস মেয়রস ইমার্জেন্সি কভিড-নাইনটিন ফান্ডে।

ভয়াবহ এই মহামারিতে সবাইকে সুস্থ রাখতে কাজ করে যাচ্ছেন এমন পেশার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পিঙ্ক। তাদের ‘হিরো’ বলে উল্লেখ করেন সোশ্যাল মিডিয়া বার্তায়।

আরও জানান, করোনা পরিস্থিতিতে সামনে দুই সপ্তাহ খুবই সংকটপূর্ণ। এই সময় সবাই দয়া করে ঘরে থাকুন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৪৭৯ জন, মারা গেছেন ৪ হাজার ৩১৩। আর আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের ১২ লাখ ছাড়িয়ে গেছে, প্রাণ হারিয়েছে ৬৪ হাজারের বেশি মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত