করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০২:৪৯ এএম

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার আবু বকর সিদ্দিকী নামে এক আইনজীবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বলেন, রবিবার দুপুরে পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার সিআইডির সাইবার পুলিশের একটি দল আবু বকর সিদ্দিকীকে উত্তর বাড্ডা এলাকা থেকে আটক করে। পেশায় আইনজীবী আবু বকরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায়।

অভিযোগ রয়েছে, তিনি সোশ্যাল মিডিয়ায় ‘ব্যাংক-এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত’ সংক্রান্ত মিথ্যা তথ্য পোস্ট করেন। এছাড়া ‘করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ’ এ সংক্রান্ত গুজব ছড়িয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত