রাজধানীর শাহবাগে তিন নেতার মাজার সংলগ্ন ডাব গাছ থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল গেঞ্জি ও কালো হাফ প্যান্ট।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে বিকেল ৫টার দিকে দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারের পাশের ডাব গাছে চুরি করে ডাব পাড়ার জন্য ওঠে ওই যুবক। তখন ডাব গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।
