মাদারীপুরে পুলিশের পিএসআই অনিমা বাড়ৈকে কুপিয়ে হত্যারচেষ্টার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড়ের পৌর শিশুপার্কের পাশে এ ঘটনা ঘটে।
আহত অনিমা সদর মডেল থানার প্রশিক্ষণকালীন উপ-পরিদর্শক (পিএসআই)। ঘাতক রনবীরের বাড়ি বগুড়া জেলায়। তিনি ঢাকায় থাকেন বলে জানায় পুলিশ। আহত অনিমার বাড়ি গোপালগঞ্জের জেলার কোটালীপাড়ায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, সদর মডেল থানায় ডিউটি শেষে সন্ধ্যার পর বের হন অনিমা। পরে রিকশায় করে তার কথিত প্রেমিক রনবীরের সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।
রাত সাড়ে ১১টার দিকে অনিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন রনবীর। অনিমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় কথিত ওই প্রেমক।
পরে গুরুতর অবস্থায় অনিমাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে অভিযুক্ত রনবীরকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।
