গাইবান্ধায় শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৫:৫৭ পিএম

 

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামে গত রবিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে আব্দুর রাজ্জাক (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি জানতে পেরে রবিবার রাতেই করোনা সন্দেহে নমুনা হিসেবে ওই ব্যক্তির রক্ত সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রবিবার রাতেই ইসলামিক ফাউ-েশনের মাধ্যমে ওই এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়েছে। এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মৃত ওই ব্যক্তিকে চিকিৎসা প্রদানকারী ওই পল্লী চিকিৎসক এবং মৃত ব্যক্তির পরিবার ও প্রতিবেশি তিনটি পরিবারকে।  

জেলা সিভিল সার্জনের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ঢাকা থেকে গাইবান্ধার গোঘাট গ্রামে আসেন দিনমজুর আব্দুর রাজ্জাক। তিনি ঢাকায় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। এরপর বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে কামারজানী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। এতেও সুস্থ্য হননি ওই ব্যক্তি। রবিবার বিকেলে নিজ বাড়িতে মৃত্যুবরণ করলে করোনাভাইরাস সন্দেহে বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নজরে আনেন স্থানীয়রা। পরে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানালে রাতেই ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি মেডিকেল টিম। 


গাইবান্ধার সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ দেশ রূপান্তরকে বলেন, মৃত ওই ব্যক্তির হাপানীর সমস্যা ছিল। পরে সমস্যাটা বেড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। কিন্তু এ নিয়ে গ্রামে করোনাভাইরাসের উদ্বেগ কাজ করায় তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেলেই জানা যাবে যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত