গাজীপুরের কাপাসিয়ায় সোমবার সকালে শ্বাসকষ্টে নিলুফা ইয়াসমিন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এটি করোনাভাইরাস লক্ষণজনিত মৃত্যু বলে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। দুই সন্তানের জননী নিলুফা ইয়াছমিন উপজেলার তঁরগাও গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, নিলুফা ইয়াসমিন প্রায় তিন বছর যাবৎ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা নিচ্ছিল। গত তিন দিন যাবৎ তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে হাসপাতালে না এসে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে আসছিল। সোমবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সালাম সরকার জানান, ওই নারীর বর্তমানে জ¦র ও সর্দি কাশি ছিল না। তারপরেও অধিক সতর্কতার জন্য ওই নারী ও তার স্বামীসহ পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ওই বাড়ি পুলিশ পাহারায় রাখা হয়েছে যেন কেউ ঢুকতে বা বাহির হতে না পারে।
