করোনা মহামারীকে কেন্দ্র করে ভারতে লকডাউনে আটকা পড়া চারজন বাংলাদেশি সোমবার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর সাথে সাথেই ওই এলাকাতেই তাদের একটি প্রাইভেট আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
সোমবার এক জরুরী সভা শেষে জেলা প্রশাসন থেকে নিশ্চিত করে বলা হয় বিকেলে তারা ভারত থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ফিরবেন। সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, ভারতে চিকিৎসা এবং লেখাপড়া করার জন্য পঞ্চগড়সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষজন ভারতে গিয়ে করোনা পরিস্থিতিতে ভারতের ঘোষিত লকডাউন আর ইমিগ্রেশন সেবা বন্ধ থাকায় আটক পড়ে যান। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় এই সকল বাংলাদেশি দেশে ফেরার আকুতি জানান। তাই সরকারি নির্দেশনায় বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
তবে স্থলবন্দর এলাকা সংলগ্ন স্থানে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। সেখানে তাদের থাকা, খাওয়া এবং চিকিৎসাসহ যাবতীয় সুবিধা দেয়া হবে বলেও ঘোষণা সভায় জানানো হয়।
এদিকে ভারত থেকে বাংলাদেশীদের ফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জেলার সর্বত্র আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে
