করোনায় আক্রান্ত চিকিৎসক, ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১২:৪০ পিএম

নারায়ণগঞ্জে জরুরি বিভাগের একজন চিকিৎসকসহ কয়েকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শহরের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন।

সোমবার রাতে দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

তিনি জানান, গত ৩০ মার্চ বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া নারী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। যার কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে আজকেই আমরা জানতে পেরেছি হাসপাতালটির জরুরি বিভাগের একজন চিকিৎসকসহ কয়েকজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। রিপোর্টটি আজকে পাওয়ার পরই আমরা জরুরি বিভাগের সব কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তাই জরুরি ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনে এটিকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডা. মোহাম্মদ ইমতিয়াজ আরও বলেন, আমরা জেনেছি করোনা পজিটিভ হওয়ায় জরুরি বিভাগের একজন চিকিৎসক আইসোলেশনে আছেন। তাই করোনা সংক্রমণ রোধ করতে পুরো হাসপাতালকে জীবাণুনাশক দিয়ে ধুয়ে-মুছে আবার চালু করবো। যতদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলবে ততদিন জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বহির্বিভাগ চালু থাকবে সীমিত পরিসরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত