খোলা বাজারে চাল বিক্রি, সামাজিক দূরত্ব মানছেন না কেউ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৭:২৪ পিএম

খোলা বাজারে সরকারি চাল কিনতে এসে সামাজিক দূরত্ব মানছেন না কেউই।

মঙ্গলবার কুড়িগ্রাম পৌর এলাকার কেন্দ্রীয় বাসটার্মিনাল, পৌরসভা ও ভকেশনাল এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা যায়। ক্রেতারা সামাজিক দূরত্ব না মেনে গায়ে গা ঠেকিয়ে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে, নিজেদের ঝুঁকির মধ্যে ফেলেছেন ক্রেতারা।

এ ছাড়া সকাল ১০টার মধ্যে ওএমএস কেন্দ্র খোলার কথা থাকলেও ৯টা থেকেই লোকজন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন। এ ছাড়া বিতরণে লোকবল কম থাকায় বিশৃঙ্খল অবস্থা লক্ষ করা গেছে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় ২৩ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম পৌরসভা এলাকায় ২০ জন ডিলার ১০ টি পয়েন্টে চাল বিক্রি করছে। এর বাইরের ৩ জন ডিলারের মধ্যে, নাগেশ্বরীতে ২ জন এবং উলিপুর উপজেলায় একজন ডিলার ১ টন করে চাল বিক্রি করছে।

সপ্তাহে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবারে ওএমএস চাল বিতরণ করা হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলে।

প্রতিটি পরিবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে চাল বিতরণ কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারছেন।

কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম সমস্যাগুলোর কথা স্বীকার করে জানান, শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। তারা শৃঙ্খলার দায়িত্ব নিলে এই সমস্যা থাকবে না। একই সঙ্গে ভোগান্তি কমিয়ে আনতে প্রকৃত উপকারভোগীদের তালিকা সংগ্রহ করে কার্ডের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত