করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন থাকা ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৪৮ বাংলাদেশি যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বিশেষ ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরেছেন। তাদের প্রত্যেককে স্বাস্থ্য পরীক্ষার পর বেনাপোল পৌরসভার কমিউনিটি ক্লিনিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ নিয়ে গত ৪ দিনে ২৩৩ জন বাংলাদেশি ভারত থেকে বেনাপোল হয়ে ফিরেছেন। আরও অনেকে বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। তবে ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ৮ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদের হাসপাতালে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে। গত দু’দিনে বেনাপোলে মোট ৯৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, গতকাল দুপুরে ফেরত আসা ৪৮ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।
