করোনা-সংকটে অসচ্ছল সংস্কৃতিকর্মীদের সহযোগিতায় সরকারের কাছে ৫০ কোটি টাকা বরাদ্দ দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো। সারা দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে এই টাকা বিতরণ করার প্রস্তাব জানানো হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। অসচ্ছল সংস্কৃতিকর্মীদের সহযোগিতা করার ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন। সারা দেশে লোকশিল্পের সঙ্গে জড়িত অনেকেই এখন আর্থিক সংকটে পড়েছেন। জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে তালিকা সংগ্রহ করে তাদের সহযোগিতা করা হোক। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোকে বরাদ্দ দেওয়া হোক।’ সাংস্কৃতিক জোট ছাড়াও গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদসহ জাতীয়ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এক যৌথ বিবৃতিতে অসচ্ছল সংস্কৃতিকর্মীদের আর্থিক সহযোগিতার জন্য দাবি জানিয়েছেন।
