রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের বাতি নিভিয়ে মোমবাতি কিংবা প্রদীপ জ্বালিয়ে ভারতবাসীকে সংহতির বার্তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে করোনা মোকাবিলায় ঐক্যের ডাক দেন তিনি।
সাধারণ মানুষ থেকে বলিউড তারকাদের অনেকে এই কর্মসূচি পালন করেছেন। অত্যুৎসাহে জনতার কেউ কেউ আবার বাজিও পুড়িয়েছেন। এই সবের মাঝেই বিতর্ক তুললেন খ্যাতনামা পরিচালক রামগোপাল ভার্মা।
সংবাদ প্রতিদিন জানায়, প্রদীপ কিংবা মোমবাতি নয় রাম গোপাল সিগারেট জ্বালিয়েছেন। এমনকী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন। সঙ্গে ক্যাপশন জুড়ে দেন, ধূমপান বিষয়ে সরকারের সতর্কতা না মানার চেয়ে করোনা নিয়ে সতর্কতা না মানা বেশি বিপজ্জনক।
ছবিটি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় বইতে শুরু করে নেটদুনিয়ায়। অনেকে ‘কান্ডজ্ঞানহীন কাজ’ বলেও কটাক্ষ করেন।
বলিউড ও দক্ষিণ ভারতের অনেক হিট সিনেমার পরিচালক রাম গোপাল ভার্মা। বরাবরই তিনি বিতর্ক তুলতে ওস্তাদ। কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়েছেন বলে পোস্ট করে আলোচনা তোলেন। পরে জানান, এটি ছিল এপ্রিল ফুলের মজা। অবশ্য পোস্টটি সরিয়েছেন বিতর্কের জেরে।
এ দিকে মোদির মোমবাতি জ্বালানোর আহ্বানে নেতিবাচক মন্তব্য করেছেন তাপসী পান্নু, অপর্ণা সেন, স্বস্তিকা মুখার্জিসহ অনেকে।
