বৃহস্পতিবার হতে জামালপুর জেলা লকডাউন

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১১:১৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বুধবার সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

বুধবার সন্ধ্যায় সংগৃহীত নমুনার রিপোর্ট করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন। এরপরে রাতে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে বুধবার সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় ওই ব্যক্তির সংগৃহীত নমুনার রিপোর্টে পজিটিভ আসে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের একটি কক্ষে বসবাস করে। তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে।

এর আগে গত রবিবার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে ঢাকা ফেরত এক যুবকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।  

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, জামালপুর জেলাকে লকডাউন  ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ জেলার বাইরে যেতে এবং প্রবেশ করতে পারবে না। বৃহস্পতিবার সকাল থেকে এ লকডাউন কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত