চলতি বছর হজ নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়ে গতকাল বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। আগের ঘোষণা অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের শেষ সময় ছিল ৮ এপ্রিল।
গত ১ মার্চ থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। প্রাথমিকভাবে হজ নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার সৃষ্টি হয়। নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না সংশ্লিষ্টরা। এরপর ২৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এবার চর্তু দফায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো হলো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ হতে পারে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ৩৭ হাজার হজে যেতে পারবেন। তবে বিশ^ব্যাপী করোনাভাইরাসের কারণে এবার হজ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
