ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী (৪৫) মারা গেছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা ওই নারী বৃহস্পতিবার ভোরের দিকে শ্বশুর বাড়িতে মারা যান।
তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও গোপন রেখেছিলেন।
রাণীখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাছির ভূইয়া জানান, ওই নারী ১০ দিন আগে নারায়ণগঞ্জ থেকে রাণীখার আসেন। ওই নারীর স্বামী নারায়ণগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
বৃহস্পতিবার সকালে ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন দাবি করছেন স্ট্রোক করে মারা গেছেন। তবে গ্রামের অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরেই ্ওই নারী জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। বিষয়টি পরিবারের লোকজন গোপন রাখেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা. রাশেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয়টি কেউ আগে থেকে জানায়নি। এখন আমাদের মেডিকেল টিম মৃত নারীর নমুনা সংরক্ষণের জন্য যাচ্ছে।
আখাউড়া নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন, বিশেষ ব্যবস্থার মাধ্যমে ওই নারীর দাফন-কাফন করা হবে। ওই পরিবারের সকলকে এবং আশপাশের লোকজনদের হোম কোয়ারান্টাইনে রাখা হবে।
