নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা, ডিসি শনাক্ত হননি

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০২:৫৭ পিএম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা ভাইরাস বিষয়ক প্রতিনিধি জাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাড়িতেই চিকিৎসাধীন।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কিছুটা শারীরিক অসুস্থতা দেখা দিলে তার করোনাভাইরাস পরীক্ষা (টেস্ট) করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।

এদিকে স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলামের সঙ্গে বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থানে বৈঠকে অংশ নেওয়ায় সতর্কতামূলক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন (সিএস) মোহাম্মদ ইমতিয়াজসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী।

তবে তারা বাড়িতে থেকেও নিজেদের দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছেন।

সেলিম রেজা বলেন, আমাদের জেলা প্রশাসকের যে সতর্কতামূলক টেস্ট হয়েছিল সেটির ফল নেগেটিভ এসেছে। তিনি সুস্থ আছেন এবং আপাতত বাড়িতে থেকেই কাজ সম্পন্ন করছেন।

জেলা প্রশাসনের সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান, টহল এবং অফিসিয়াল কাজও চলছে। জেলাবাসী যদি একটু সতর্ক হয় এবং ঘরে থাকে তাহলে দ্রæতই এ সংকট কাটবে বলে আশা করছি।

জেলা করোনা ভাইরাস বিষয়ক ফোকাল পারসন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আমি তো আক্রান্ত, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার রিপোর্ট পজিটিভ ছিল, এখন আমি বাড়িতেই চিকিৎসা নিচ্ছি এবং কোয়ারেন্টাইনে আছি। তবে এ অবস্থায়ও আমি ফোনে যতটুকু সম্ভব আমার কাজ করে যাচ্ছি এবং আমার চিকিৎসা সেবা দেওয়ার কাজও ফোনে চলছে। আশা করি আমি পুরোপুরি সুস্থ হয়ে আবারো সবার সেবায় সশরীরে কাজ করতে পারবো।

এদিকে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক সুস্থ রয়েছেন এবং তারা নিজেদের দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত