করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হয়ে বাজারে যেতে পারছেন না লোকজন। আবার অনেকেই অর্থের অভাবেও কিনতে পারছেন না কাঁচাবাজার। নিম্নআয়ের হতদরিদ্র পরিবারগুলো এখন অনেকটাই অসহায়। আর এই সময়টাতে দরকারি শাকসবজি নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন বীরগঞ্জের গ্রাম পুলিশ সদস্য মোস্তফা কামাল।
বৃহস্পতিবার সকালে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মোস্তফা কামাল নিজ এলাকা ধুলাউড়ী গ্রামে ভ্যানে করে বাজার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। ওই এলাকার ধুলাউড়ী আশ্রয়ণ প্রকল্প, দক্ষিণ ফরিদপুর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি শাকসবজি।
এর মধ্যে রয়েছে আলু, পাটশাক, ডাটা শাক, মরিচ, বেগুন, লাউসহ অন্যান্য শাকসবজী। তবে বাজারের তুলনায় তিনি দাম কম এবং সস্তায় দিচ্ছেন নিম্ন আয়ের মানুষদের। এতে যেমন মানুষজনকে বাড়ির বাইরে বের হতে হচ্ছে না তেমনই সস্তায় কাঁচাবাজার পাচ্ছেন বাড়িতে বসেই।
গ্রাম পুলিশ মোস্তফা কামাল বলেন, ‘এখন শাক-সবজীর দাম ততোটা নেই। এরপরও নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারগুলো সেগুলোও খেতে পারছেন না। আবার অনেকে বাজারে যেতে পারছেন না কিংবা যেতে পারলেও কেনার সামর্থ নেই। তাই এসব পরিবারে বাড়ি বাড়ি শাক-সবজী বিতরণ করতেই আমার ক্ষুদ্র উদ্যোগ। এতে করে শাক-সবজীর যেমন অপচয় হবে না তেমনিভাবে দরিদ্র মানুষরাও পুষ্টিকর কিছু খাবার খেতে পারবেন।’
