দুই কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা বন্ধ ঘোষণা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন কর্মচারী করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর জরুরি বিভাগের সকল ধরনের চিকিৎসা সেবা ও কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা আক্রান্ত ওই দুই কর্মচারীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, দুই কর্মচারীর কভিড-১৯ শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পুরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শূন্য হয়ে পড়েছে। ভর্তিকৃত রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে বাড়িতে চলে গেছেন। বহির্বিভাগ পুরোটাই সুনশান নীরবতা চলছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের পর রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জে সর্বমোট ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও বাকি ৮ জন পুরুষ। এর মধ্যে জেলা সদরে ২ জন, টঙ্গীবাড়িতে ৩ জন, গজারিয়ায় ৩ জন এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় একজন করে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
ছয়টি উপজেলা থেকে সর্বমোট ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে শুক্রবার ও শনিবার দুই দিনে ৭৪ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়।
