বলিউড অভিনেতা পূরব কোহলি বললেন, “সকলকে ধন্যবাদ আমাদের পরিবারের পাশে থাকার জন্য। আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমরা কিন্তু এখন পুরোপুরি সুস্থ ও করোনামুক্ত।”
দিন চারেক আগেই খবর মিলেছিল, পূরব ও তার স্ত্রী-কন্যা করোনা আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে জানান, যথাযথ নিয়ম মেনে চিকিৎসা ও ওষুধপত্র চলছে।
পূরবের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বলিউডে তার সহকর্মীরা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে শুক্রবার রাতে অভিনেতা সবাইকে আশ্বস্ত করলেন তারা এখন পুরোপুরি করোনামুক্ত।
সুস্থ হয়ে ওঠার পর পূরবের মন্তব্য, “দয়া করে মনে রাখবেন, এটা ঘরে থাকার সময়। হ্যাঁ, এটা একটু কষ্টকর বটে! কিন্তু এই মহামারী থেকে বাঁচতে আগে এর রাশ টানা দরকার আমাদের। তারপর শক্তি সঞ্চয় করার জন্য যথাযথ বিশ্রাম নিয়ে শরীরকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে হবে। খোদা না করুন, যে আপনার শরীরেও এই মারণ ভাইরাস থাবা বসাক! কিন্তু মনে রাখবেন, এই ভাইরাসের সঙ্গে মোকাবিলায় কিন্তু আপনার শরীরই আসল অস্ত্র। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভেতর থেকে প্রচুর এনার্জির দরকার হয় এই সময়ে।”
ইনস্টাগ্রাম পোস্টে স্বাস্থ্যকর্মীদেরও অসংখ্য ধন্যবাদ জানান পূরব। বলেন, “অসংখ্য ধন্যবাদ জানাব চিকিৎসক, নার্স, সমস্ত স্বাস্থ্যকর্মী তথা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সবাইকে, যারা দিনরাত প্রাণপাত করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় কাজ করে চলেছেন। ইনায়া, ওসিয়ান, লুসি এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের।”
পূরব আপাতত স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন।
