শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের করোনাভাইরাসে শনাক্ত হওয়ায় চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. আসাদুজ্জামান জানান, সরকারি নির্দেশনা মানতে গত বুধবার অ্যাম্বুলেন্স চালকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় ওই চালকের শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ বলে নিশ্চিত করা হয়। তাই অ্যাম্বুলেন্স চালকের সংস্পর্শে আসা ইউএইচএফপিও ১ জন, ডেন্টাল সার্জন ১ জন, চিকিৎসক ৬ জন, চিকিৎসক সহকারী (স্যাকমো) ২ জন, ফার্মাসিস্ট ২ জন, ওয়ার্ডবয় ১ জন, স্যানিটারি ইন্সপেক্টর ১ জন, হেলথ ইন্সপেক্টর ১ জন, সহকারী হেলথ ইন্সপেক্টর ৪ জন, স্বাস্থ্য পরিদর্শক ১ জন, অফিস সহকারী ৩ জন ও সিএইচসিপি ১ জনসহ মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।
শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, ‘চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার সকাল নয়টার মধ্যেই ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। নমুনা সংগ্রহের পর সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’
