আতঙ্ক নয়, জীবনের বার্তাবাহক হওয়ার আহ্বান পোপের

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১১:২৯ পিএম

বিশ্ববাসীকে করোনাভাইরাসের ভয় ও আতঙ্কের কাছে হার না মেনে ‘মৃত্যুর এ সময়ে জীবনের বার্তাবাহক’ হওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। গত শনিবার সন্ধ্যায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ইস্টার উৎসবের প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলে বিবিসি জানিয়েছে।

অনলাইনে সরাসরি সম্প্রচার করায় ঘরবন্দি অবস্থার মধ্যেই বিশ্বজুড়ে রোমান ক্যাথলিক চার্চের ১৩০ কোটি অনুসারীর অনেকেই সেন্ট ব্যাসিলিকার ওই আয়োজনে অংশ নিতে পেরেছেন।

বক্তৃতায় ফ্রান্সিস বাইবেলে থাকা সেই নারীর কথা উল্লেখ করেন, যিনি যিশুর শূন্য কবর আবিষ্কার করে হতভম্ব হয়ে গিয়েছিলেন। মৃত যিশু সেদিন ফের জীবিত হয়ে উঠেছিলেন বলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। তিনি আরও বলেন, ‘সে সময়ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছিল সেখানে, প্রয়োজন ছিল সবকিছু পুনর্নির্মাণের। বেদনাদায়ক সে স্মৃতি, যেখানে আশা ছিল সামান্য। তাদের, এমনকি আমাদের জন্যও সেটি ছিল সবচেয়ে অন্ধকার সময়। ভয় পেয়ো না, আতঙ্কের কাছে সমর্পিত হয়ো না এটাই হলো আশার বার্তা। আজ আমাদের জন্যও এটা বলা হয়েছে।’

চীনের উহানে সাড়ে তিন মাস আগে আবির্ভূত হওয়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস এরই মধ্যে লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; শনাক্ত হওয়া আμান্তের সংখ্যাও ১৮ লাখের দিকে ছুটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত