কিল-ঘুষি মেরে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১১:৫১ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সালিস বৈঠকে জমি-জমা নিয়ে দ্বন্দ্বের মধ্যস্থতা করতে গিয়ে মো. আব্দুল হামিদ সরকার (৬০) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে কিল-ঘুষি মেরে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রবিবার বেলা ১১ টার দিকে সাঘাটা বাজারে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ সরকার সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাঘাটা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মো. আব্দুল হামিদ সরকার। এরপর থেকে তিনি বেশ সুনামের সাথে বিভিন্ন সালিস বৈঠকে বিরোধ নিষ্পত্তি করতেন বলে তার সুনাম ছড়িয়ে পড়ে সবখানে।

দীর্ঘদিন ধরে সাঘাটা বাজারের ব্যবসায়ী ননী গোপাল সাহার তিন ছেলের মধ্যে পারিবারিক জমি-জমার ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে মেজো ছেলে কালাচান সাহার ডাকে সাঘাটা বাজারের বাড়িতে বিরোধ নিষ্পত্তির সালিস বৈঠকে উপস্থিত হন মো. আব্দুল হামিদ সরকার।

এতে ক্ষিপ্ত হয়ে ননী গোপাল সাহার অন্য দুই ছেলে শ্যামল সাহা ও নিলমণি সাহা আব্দুল হামিদ সরকারকে কিলঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দেন। এসময় আশপাশের লোকজন তাদেরকে আটকানোর চেষ্টা করলেও তারা আব্দুল হামিদ সরকারকে মাটিতে ফেলেই মারধর করতে থাকেন। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ সরকারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত শ্যামল সাহা ও নিলমণি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত