পুলিশ ভাইয়েরা সত্যিই অক্লান্ত পরিশ্রম করছে: মাশরাফী

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১২:২০ এএম

করোনাভাইরাসের এই মহামারির সময়ে পুরো দেশে যখন লকডাউনের পরিস্থিতি বিরাজ করছে, তখন গুটিকয়েক পেশাজীবীদের অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। যাদের মধ্যে পুলিশ অন্যতম।

মাঠে থেকে কাজ করে যাওয়া সেই পুলিশদের কাজের প্রশংসা করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেই সঙ্গে সবার প্রতি অনুরোধ করেন, ডাক্তার-পুলিশদের পরিশ্রমের কথা ভেবে হলেও সবাই যেনে ঘরে থাকেন।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে পুলিশদের নিয়ে একটি স্ট্যাটাস দেন মাশরাফী। একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে পরিশ্রমে ক্লান্ত একজন পুলিশ একটি চেয়ারে ঝিমুচ্ছেন।

সেই ছবির ক্যাপশনে মাশরাফী লিখেছেন, ‘করোনাভাইরাস দেশে আঘাত আনার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেক বেশি। দিন রাত এক করে কাজ করে যাচ্ছে। কোন প্রকার অভিযোগ ছাড়া। হ্যাঁ কথা বলছি আমাদের পুলিশ ভাইদের। তারা সত্যই অনেক অক্লান্ত পরিশ্রম করছে, শুধু মাত্র আমাদেরকে করোনা নামক মহামারি থেকে সুরক্ষা রাখতে।’

নিজেদের পরিবারের কথা ভুলে থেকে এই কাজ করে যাচ্ছেন পুলিশরা। মাশরাফী সেই কথা উল্লেখ করে লিখেন, ‘সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে যখন শরীরটা আর সায় দেয় না তখন মশার কামড়, গরম সবকিছুর কাছে হয়তো হার মেনে যায়। কোনরকম একটা বসার কিছু পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যায় যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে।’

এরপর সবার প্রতি মাশরাফীর অনুরোধ, ‘আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রিত করতে। আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করে বাসায় থাকতাম তাহলে হয়তো এই মানুষগুলোর এতটা কষ্ট হতো না।’

পুলিশদের প্রতি শুভকামনা জানিয়ে মাশরাফী লিখেন, ‘মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষ গুলো ভালো থাকে।’

এরপর মাশরাফীর আহ্বান, ‘সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত