চীনে নতুন করে করোনা সংক্রমণ, আক্রান্ত শতাধিক

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৫:৫৭ পিএম

করোনাভাইরাসের উটপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান এখন সংক্রমণ মুক্ত হলেও দেশটির অন্য প্রদেশের মানুষ আক্রান্ত হচ্ছে এখন। 

আলজাজিরা জানায়, চীনে নতুন করে নভেল করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। 

ডিসেম্বরের মাঝামাঝি চীনে করোনার প্রকোপ দেখা দেয়। চার মাসের লড়াইয়ে সম্প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শনিবার ফের ৯৯ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে দেশটিতে। এরপরই নতুন করে আক্রান্ত হলেন আরও ১০৮ জন, গত ছ’সপ্তাহে যা সর্বোচ্চ।

এদিকে চীনা ন্যাশনাল হেলথ কমিশনের দাবি, অন্য দেশ থেকে আসা মানুষ থেকে নতুন করে সংক্রমণ হচ্ছে। আক্রান্তদের মধ্যে ৫৬ জন হচ্ছে রাশিয়া সীমান্তে অবস্থিত হেলোংজিয়াং প্রদেশের বাসিন্দা। তাদের মধ্যে ৪৯ জন সম্প্রতি রাশিয়া থেকে ফেরেন বলে জানা গিয়েছে।

এমন পরিস্থিতিতে রবিবার রাশিয়া সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। হেলোংজিয়াংয়ের স্থানীয় প্রশাসন জানায়, এখন থেকে বিদেশফেরতদের  অন্তত ২৮ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ২১৩ জনে। যার মধ্যে মারা গেছেন ৩ হাজার ৩৪৫ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত