নতুন বছরে শিগগিরই করোনাভাইরাসকে প্রতিরোধ ও নিরাময় করে আবারও উৎসব-আনন্দে মিলিত হওয়ার প্রত্যাশা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর সংক্রমণ এড়াতে এ বছর আমরা ঘরে থেকেই পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব এবং এটি হবে বাঙালি জাতির জন্য নতুন এক অভিজ্ঞতা।
এ নতুন অভিজ্ঞতা নিয়েই আমরা অতীতের সব গ্লানি ধুয়ে-মুছে সামনে দৃপ্ত-পায়ে এগিয়ে যাব। নতুন বছরে কভিড-১৯ কে প্রতিরোধ ও নিরাময় করব এবং শিগগিরই করোনামুক্ত বাংলাদেশে আবারও উৎসবের আনন্দে মিলিত হব ইনশাল্লাহ।’
আইনমন্ত্রী বলেন, ‘বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতি বছর অত্যন্ত আনন্দঘন পরিবেশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে নানান ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে বাঙালি জাতি। কিন্তু এ বছর কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘরে বসেই পালন করতে হচ্ছে।
জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই রোগ ইতোমধ্যে বাংলাদেশেও সংক্রমিত হয়েছে এবং এর সংক্রমণ এড়াতে আমরা এখন ঘরেই রয়েছি। ঘরে থাকাই এ রোগ প্রতিরোধের উত্তম উপায়।’
