বরিশালে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ বস্তা চাল জব্দ করেছে গৌরনদী থানা পুলিশ।
এ ঘটনায় গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি প্রদীপ দত্ত (৪৫), বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহা (৩২) ও চাল পরিবহন কাজে ব্যবহৃত ভ্যান চালক শংকর পালকে (২৮) আটক করা হয়েছে।
সোমবার রাত ১২টায় গৌরনদী মডেল থানা পুলিশ তিনজনকে আটক করে।
বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির (খাদ্যবান্ধব কর্মসূচি) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ গৌরনদী উপজেলার বাকাই বাজারের ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদাম থেকে ৫৫ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, সোমবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদামে অভিযান চালায়।
এ সময় ব্যবসায়ীর দুটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৪০বস্তা ও ৫০ কেজি ওজনের ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খাঞ্জাপুর ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচি তদারককারী কর্মকর্তা ও গৌরনদী উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন বলেন, ডিলার প্রদীপ সোমবার গুদাম থেকে চাল তোলার বিষয়টি আমাকে জানিয়েছেন। কিভাবে সে চাল কালোবাজারে গেল বিষয়টি আমার জানা নেই।
খাদ্যবান্ধব কর্মসূচি গৌরনদী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, চাল জব্দ করার বিষয়টি রাতেই পুলিশ আমাকে জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
