হলিউডের সর্বকালের অন্যতম জনপ্রিয় ও হ্যান্ডসাম তারকা ব্র্যাড পিট। গত বছর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় অভিনয় করে অস্কারসহ একাধিক পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
পিটের সুন্দর চেহারা শুধু ভক্ত জুটিয়েছে এমন নয়— তার প্রেমিকার তালিকাও লম্বা, যাদের বেশির ভাগই হলিউডের বিখ্যাত মুখ। তিনি যেমন গিনেথ পালট্রো, ক্রিস্টিনা অ্যাপলগেটের মতো তারকাদের সঙ্গে প্রেম করেছেন, তেমনি ঘর করেছেন জেনিফার অ্যানিস্টন ও অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। আসুন ব্র্যাড পিটের লাভ লাইফের হিস্ট্রি খানিকটা জেনে নিই—
১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ‘টয় বয়’-খ্যাত গায়িকা সিনিটার সঙ্গে প্রেম করেন পিট। ওই সময় হলিউড নায়কের নগ্ন শরীরের প্রতি নিজের আকর্ষণের কথা জানিয়ে বেশ আলোচনা তুলেছিলেন সিনিটা। আপনি যদি ভেবে থাকেন এই সময়ে একটি প্রেমেই ডুবে ছিলেন পিট, তবে ভুল করছেন। ১৯৮৬-৮৭ সালে দিব্যি প্রেম করেছেন রবিন গিভেন্সের সঙ্গে। অবশ্য ওই সময় গিভেন্স সংসার করছিলেন মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের সঙ্গে।
ব্র্যাড পিটের প্রথম স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করেন ক্রিস্টিনা অ্যাপলগেট। ১৯৮৯ সালে চুটিয়ে প্রেম করেন পিট ও অ্যাপলগেট। একই বছর জিল সোচলেনের সঙ্গে সম্পর্কে জড়ান ‘ফাইট ক্লাব’ নায়ক। যদিও বেশিদিন সেই সম্পর্ক টেকেনি।
১৯৮৯ সালে কিছুদিন প্রেম করেন পপ গায়িকা ই জি ডেইলির সঙ্গে। তবে ওই বছর থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জুলিয়েট লুইসে থিতু হন ব্র্যাড পিট। হ্যাঁ, এখানেও খানিকটা ঝামেলা আছে। মাঝে ১৯৯২ সালে জিনা ডেভিসের সঙ্গে জড়ান ব্র্যাড পিট। মূলত ‘থেলমা অ্যান্ড লুইস’ সিনেমায় অভিনয়ের সময় তারা গোপনে ডেটিং শুরু করেন।
‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ছবিতে একসঙ্গে কাজ করেন পিট ও থান্ডি নিউটন। সময়টা ১৯৯৪ সালে। তবে খুব দ্রুতই এই সম্পর্ক ভাঙে। বর্তমানে তারা ভালো বন্ধু।
১৯৯৪ সালে গিনেথ পালট্রোর সঙ্গে প্রেমে জড়ান ব্র্যাড পিট। তারা ‘সেভেন’ সিনেমার সেটে পরিচিত হন। গোল্ডেন গ্লোবের মঞ্চে দাঁড়িয়ে পিট প্রেমিকাকে ‘অ্যাঞ্জেল’ ও ‘লাভ অব মাই লাইফ’ বলে উল্লেখ করেন। কিন্তু ১৯৯৭ সালে মাত্র সাত মাসের মাথায় তাদের বাগদান ভেঙে যায়।
১৯৯৮ সালে জেনিফার অ্যানিস্টনের সঙ্গে পরিচায় ব্র্যাড পিটের। ‘ফ্রেন্ডস’-এর সেটে তাদের প্রথম দেখা। দুই বছর প্রেমের পর ২০০০ সালে বিয়ে করেন তারা। হলিউডের ইতিহাসে অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল এটি। সবই ঠিক চলছিল- যতদিন না ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর সেটে সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির পরিচয় পিটের। সেই সূত্রে অ্যানিস্টনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা আসে ২০০৫ সালে।
ব্র্যাড পিট সবচেয়ে বেশিদিন সম্পর্ক টিকেছে অ্যাঞ্জেলিনা জোলির। ২০০৪ সাল থেকে ২০১৬ সাল। তারা সাত বছর প্রেম শেষে ২০১২ সালে বাগদানের ঘোষণা দেন। ২০১৪ সালে বিয়ে করেন। দত্তক সন্তানসহ মিলিয়ে তারা ছয় সন্তানের মা-বাবা। কিন্তু ২০১৬ সালে আসে বিচ্ছেদের ঘোষণা। বর্তমানে সন্তানদের কাস্টডি ও অন্যান্য বিষয় নিয়ে জটিলতা চলছে সাবেক দম্পতির মাঝে।
জেনিফার অ্যানিস্টনের সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক নাকি জোড়া লাগছে- এমন কথা ইদানিং শোনা যাচ্ছে। তবে একে তারা নিছক বন্ধু হিসেবেই দেখছেন।
