অতিরিক্ত ব্যায়ামে কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৫:৪০ পিএম

হোম কোয়ারেন্টাইনের দিনগুলোতে অতিরিক্ত ব্যায়াম করলে রোগ প্রতিরোধক ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

লিভারপুল হোপ ইউনিভার্সিটির স্পোর্ট অ্যান্ড হেলথ সায়েন্সের লেকচারার ড. ম্যাথিউ জ্যাকসন এ বিষয়ে ডেইলি মেইলকে বলেন, ‘বাসায় বসে নিয়ম মেনে ব্যায়াম করা উচিত। সেটি করতে গিয়ে শরীরকে বিশ্রাম দিতে হবে। না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।’

‘নিয়মিত ব্যায়াম করা ভালো ব্যাপার। এতে নভেল করোনাভাইরাসের মতো রোগ অনেক সময় দূরে থাকে। কিন্তু আপনি অতিরিক্ত অনুশীলন করছেন কি না, সেটি খেয়াল রাখতে হবে।’

মানুষের ইমিউন সিস্টেম দুটি ক্যাটাগরিতে বিভক্ত, সহজাত এবং অভিযোজিত। প্রথমটি তৈরি হয় অনির্দিষ্ট প্রোটিন এবং কোষের মাধ্যমে, যেটি যেকোনো ইনজুরি বা অসুস্থতার সময় (সেটি পা ভাঙাও হতে পারে) কাজ করে।

অভিযোজিত প্রতিরোধ ব্যবস্থা সেই অর্থে অনেক নির্দিষ্ট। যখন আপনার ঠাণ্ডা লাগে কিংবা কভিড-১৯ রোগের মতো কোনো কিছু দেখা দেয়, তখন সেটি সমস্যা শনাক্ত করতে ছুটে আসে। করার পর ইনফেকশনটি নিষ্ক্রিয় করতে তারা খুব চতুরতার সঙ্গে ইমিউন সেল ডিজাইন করে। সেলগুলো শরীরে থেকে যায়। আবার আপনি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা অন্য কোনো ইনফেকশনে পড়লে পুনরায় কাজ করে। শরীরের ইমিউন সিস্টেম জানে আপনার জন্য তার ঠিক কী করতে হবে। তাই একই ইনফেকশন অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বার হওয়া কঠিন। তবে অসম্ভব নয়।

গবেষকদের মতে, ইমিউন সিস্টেমে ঘুম খুব গুরুত্বপূর্ণ। ৮ ঘণ্টা না ঘুমালে এটি নানাভাবে রোগ প্রতিরোধক ব্যবস্থাকে প্রভাবিত করে। অসুস্থতার সময় ভালো ঘুমাতে পারলে দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

জ্যাকসন বলছেন, ‘বর্তমান আবহাওয়ায় একজন মানুষের এক ঘণ্টার বেশি ব্যায়াম করার দরকার নেই। যদি কেউ নতুন শুরু করেন, তাহলে সপ্তাহে তিনবার করতে হবে। প্রতিবার ৩০ থেকে ৪৫ মিনিট করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত