বয়স্ক মানুষদের ঘরে রেখে তরুণ প্রজন্মকে কাজের অনুমিত দিলে নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন ভারতের নাম করা চিকিৎসক ডা. জয়প্রকাশ মুলিল।
ভেলরের খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ দ্য প্রিন্টের সঙ্গে আলাপকালে বলেন, ‘তরুণদের কাজ করতে না দিলে অর্থনৈতিক দুরবস্থা থামানো যাবে না। একই সঙ্গে তরুণরা কাজে থাকলে তাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হবে।’
জয়প্রকাশ মনে করেন, ‘যদি ৫০ শতাংশ মানুষও আক্রান্ত হন, তাহলে তারা বাকি ৫০ শতাংশের জন্য দেয়াল হিসেবে কাজ করবে; অন্তত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। নভেল করোনাভাইরাস বাসায় থাকলেও আক্রমণ করবে। তাই কাজ বন্ধ করলে ক্ষতি।’
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে শুরুতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার। এর মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জয়প্রকাশ বলছেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত এভাবে দেশ চলতে থাকলে ভারত দেউলিয়া হয়ে যেতে পারে।
