পূর্বধলায় স্থানীয়দের সহায়তায় ২৭ বস্তা চাল উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১০:২১ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সরকারি ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে স্থানীয়দের সহায়তায় সরকারি চাল উদ্ধার করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম। 

এ সময় একটি রাইস মিলের গুদাম থেকে ১৫ বস্তা, এক ব্যক্তির বাড়ি থেকে ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা দুটি মোটরসাইকেল আটক করে ৪ বস্তা চাল উদ্ধার করে। উদ্ধার হওয়া ২৭ বস্তা চাল হুগলা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দের জিম্মায় রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে দরিদ্রদের সহায়তার ৪ বস্তা চাল নিয়ে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা থেকে নিয়ে আসছিল তারা। পূর্বধলার হুগলা বাজারের চৌরাস্তায় মুক্তিযোদ্ধা আ. মজিদসহ স্থানীয় জনতার সন্দেহ হলে মোটরসাইকেল দুটি আটক করে। পরে মোটরসাইকেল রেখে চালক দুজন পালিয়ে যায়। বিষয়টি ইউএনওকে জানালে তিনি পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হন। 

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে হুগলা বাজারের আতিকুল সরকারের ‘সরকার ট্রেডার্স’ নামক রাইস মিল থেকে ১৫ বস্তা চাল ও জামকোনা গ্রামের শহর আলী ছেলে কাশেমে বাড়ি থেকে ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দুপুরের দিকে ঝড়ো হাওয়া শুরু হলে উদ্ধারকৃত চালের বস্তা হুগলা ইউনিয়নের চেয়াম্যানের জিম্মায় রাখা হয়েছে।

এ ব্যাপারে পূর্বধলার ইউএনও উম্মে কুলসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত