সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বপন ভট্টাচার্য ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
দশম জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।