সারা দেশে আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১১:০০ পিএম

সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দ্রুত ত্রাণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটিকে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ডিভিও কনফারেন্সের মাধ্যমে তার ধানমন্ডির দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলেন এবং নির্দেশ দেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শেখ হাসিনা বলেন, ‘সারাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠন করতে হবে। সব সাংগঠনিক উপজেলা শাখার নেতৃবৃন্দ অতি দ্রুতই ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লগের ত্রাণ কমিটি প্রস্তুত করে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা শাখায় জমা দিতে হবে।’

তিনি বলেন, ‘এই ত্রাণ কমিটি ওয়ার্ড পর্যায়ে দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করবে এবং ওই তালিকা স্থানীয় প্রশাসনকে প্রদান করে সঠিক তালিকা প্রণয়নে সহায়তা ও সমন্বয় করবে। একই সঙ্গে এই কমিটি মানুষের মানবিক সংকটে সার্বিক সহযোগিতা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। স্বাস্থ্য বিধি মেনে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে সহযোগিতা করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে ৫০ লাখ হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটেখাওয়া মানুষকে সরকারিভাবে রেশন কার্ডের আওতাভুক্ত করা হয়েছে এবং করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলায় আরো ৫০ লাখ মানুষকে রেশন কার্ডের অন্তর্ভুক্তির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত কমিটি দল-মত নির্বিশেষে সমাজের হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষ যাতে অন্তর্ভুক্ত হয় সেব্যাপারে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগের এই ত্রাণ কমিটি করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ সরকারি নির্দেশনা পালন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করবে এবং মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়াবে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে পরিচালিত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মতিয়া চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

খবর: বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত