সময়ের সঙ্গে দেশে বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশে চলছে টানা ছুটি। সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হলেও তাতে গা নেই অনেকের। তাতে বিপদ আরও বেড়ে যেতে পারে বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বানও জানিয়েছেন এই অলরাউন্ডার।
ফেনীতে নিজ বাড়ি থেকে ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলেন, “প্রায় পাঁচ মিনিটের মতো আমি বাইরে ছিলাম। বাইরের অবস্থা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে- করোনার নিয়মকানুন আমরা সঠিকভাবে পালন করছি না। ফেনীতে মানুষের চলাফেরা সবকিছুই স্বাভাবিক অবস্থার মতো। যদিও গাড়ি চলাচল কিছুটা কম।”
লকডাউনে মানুষের উদাসীনতা ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর হতে বললেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন, “সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মানুষের আনাগোনা। যদিও সন্ধ্যার পরে লকডাউন। দিনের বেলায় স্বাভাবিক আর সন্ধ্যার পর কঠোর নিয়ম। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আরেকটু কঠোর হোন। না হলে আমরা দিনে দিনে যে বিপজ্জনক অবস্থানে যাচ্ছি তাতে হয়তো আরও ভয়াবহ কিছু নিয়ে আসবে।”
“আমাদের চেয়ে অনেক শক্তিশালী দেশ এই করোনা মোকাবিলার জন্য হিমশিম খাচ্ছে। তাই সবাইকে সচেতন হতে হবে। সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয় যদি আমরা সচেতন না হই। অনেকের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। তাতে সকাল দশটা থেকে একটা বা দুইটা পর্যন্ত মানুষকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। কিন্তু নয়টা থেকে পাঁচটা পর্যন্ত মানুষ স্বাভাবিক ঘোরাঘুরি করছে, শপিং করছে। এভাবে করলে তো আমরা করোনা মোকাবেলা করতে পারব না।”
