বাদশার ‘গেন্দা ফুল’ গানে কিছুদিন আগে ‘বড় লোকের বিটি’ চরিত্রে হাজির হয়ে ঝড় তোলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখান থেকে সরাসরি সিরিয়াল কিলার অবতারে নিজেকে তুলে ধরলেন।
অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, ডিজিটাল প্ল্যাটফর্ম মাতাতে আসছেন জ্যাকুলিন। নেটফ্লিক্সের জন্য তৈরি ‘মিসেস সিরিয়াল কিলার’ অরিজিনাল ফিল্মে দেখা যাবে অভিনেত্রীকে। বৃহস্পতিবার মুক্তি পেল তার-ই ট্রেলার।
রোমান্টিক-থ্রিলার ঘরানার এ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকুলিন। সঙ্গে রয়েছেন মনোজ বাজপেয়ী ও মোহিত রায়না।
এক প্রতিশোধ পরায়ন স্ত্রীর চরিত্রে দেখা যাবে ‘কিক’ অভিনেত্রীকে। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। অন্যদিকে, পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন মোহিত রায়না।
ছবির গল্প এমন- ধারাবাহিকভাবে খুনের জন্য ধরা পড়েছেন জ্যাকুলিনের স্বামী, যিনি আপাতত জেলবন্দি। এই অবস্থায় স্বামীকে নির্দোষ প্রমাণ করতে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে পথ চলা শুরু করে স্ত্রী। পরিকল্পনা করে খুন করে ফেলল কয়েকজনকে। যাতে, সিরিয়াল কিলারের তকমাটা স্বামীর ওপর থেকে সরে গিয়ে তার দিকে আসে।
এ দিকে শহর থেকে একের পর এক মেয়ে উধাও হয়ে যাওয়ায় রাতের ঘুম উড়ে যায় পুলিশ অফিসারদের। এই কেসের দায়িত্বভার বর্তায় মোহিত রায়নার ওপর। রহস্যের গভীরে যাওয়ার জন্য তাকে বেশ বেগ পেতে হয়। একের পর এক চ্যালেঞ্জ আসতে থাকে সামনে। আসল সিরিয়াল কিলার যদি জেলবন্দি থাকে, তাহলে বাইরে থেকে কে করছে এসব?
‘মিসেস সিরিয়াল কিলার’ পরিচালনা করেছেন শিরীশ কুন্দর এবং প্রযোজনা করেছেন তার স্ত্রী ফারহা খান।
