ভারতের নৌবাহিনীতে করোনার হানা, আক্রান্ত ২০

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১১:০৫ এএম

ভারতের নৌবাহিনীতে হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১০)। কমপক্ষে ২০ নৌসেনার শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এই সময় জানায়, মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর একটি ঘাঁটিতে ওই সেনারা করোনাভাইরাস সংক্রমিত হন।

আক্রান্ত নৌসেনাদের মুম্বাইয়ে নৌবাহিনীর একটি হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছে।

এই প্রথম ভারতীয় নৌবাহিনীতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। এই করোনা আক্রান্ত নাবিকদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তা জানতে ব্যাপকভাবে খোঁজ চলছে।

ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সমুদ্র তীরবর্তী ডিপো আইএনএস আঙ্গরিতে নৌবাহিনীর জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন এই নাবিকরা। নিজেদের কাজের জন্য গত কয়েকদিন আক্রান্ত নাবিকরা নৌঘাঁটির মধ্যে বিভিন্ন স্থানে গিয়েছেন। এর ফলে আরও কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে খোঁজ চলছে।

মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থাকে। আইএনএস আঙ্গরি থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে এগুলোর অবস্থান। আইএনএস আঙ্গরি নেভাল ব্যারাক হিসেবেও পরিচিত। এখানে সংক্রমণের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সেনাবাহিনীতে ইতোমধ্যেই আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার সকালে দ্য হিন্দুর লাইভ আপডেটে বলা হয়, ভারতে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত ১৪ হাজার ২৫২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। নতুন করে আক্রান্ত ১ হাজার ৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত