রাজশাহীতে আইসোলেশনে চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০২:২৯ পিএম

রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্র মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। মৃত তরুণ মাধনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ জানান, শুক্রবার রাতে ওই তরুণ (১৯) চার দিনের জ্বর নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। শরীরে র‌্যাশ ছিলো। তবে তার সর্দি কিংবা শ্বাসকষ্ট ছিলো না।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে আইডি হাসপাতালের আইসোলেশনে স্থানান্তর করেন।

শনিবার সকালে তিনি মারা যান। তার শরীরে করোনাভাইরাস ছিলো কিনা, তা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, মৃত তরুণের ভ্যানচালক বাবা জানান, ৫-৬ দিন আগে তার ছেলের শরীরে হাম উঠে। এরপর তার জ্বর আসে। স্থানীয় চিকিৎসক এন্টিবায়েটিক দেয়। তা খেয়ে তার ছেলের শরীর কুঁকড়ে যেতে শুরু করে। এই অবস্থায় বৃহস্পতিবার নাটোর সদর হাসপাতালে ছেলেকে নিয়ে যান তিনি। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

শুক্রবার রাত একটার দিকে তাকে রাজশাহী আইডি হাসপাতালের আলাদা কক্ষে তাকে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত