ঝুঁকি সত্ত্বেও সীমান্ত খুলতে চান বোলসোনেরো

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১২:০৭ এএম

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনেরো করোনার অভিঘাতে অচল হয়ে পড়া দেশের অর্থনীতি সচল করার লক্ষ্যে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার নতুন স্বাস্থ্যমন্ত্রী নেলসন টাইশের অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে রয়টার্স।

বোলসোনেরো বলেন, সীমান্ত খোলার পর করোনা মারাত্মক আকার ধারণ করলে দায় তার ওপরই এসে পড়বে। তা সত্ত্বেও তিনি আইনমন্ত্রী সার্জিও মোরোর সঙ্গে প্রতিবেশী দেশ বিশেষ করে উরুগুয়ে ও প্যারাগুয়ের সঙ্গে থাকা সীমান্ত খুলে দেওয়ার সম্ভাব্যতা নিয়ে কথা বলেছেন। করোনা মোকাবিলায় পদক্ষেপ নিয়ে মতবিরোধের জেরে কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী লুইজ এনরিক মেনদেতাকে বরখাস্ত করেন। গত সপ্তাহে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে লুইজ জনগণকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেছিলেন। এ নিয়েই প্রেসিডেন্টের সঙ্গে তার বিরোধ তুঙ্গে ওঠে। স্বাস্থ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রকাশ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন করোনাকে ‘সামান্য ফ্লু’ বলে অ্যাখ্যা দেওয়া বোলসোনেরো।

ব্রাজিলের প্রেসিডেন্ট শুরু থেকেই কভিড-১৯ কে হালকা করে দেখছেন বলে অভিযোগ রয়েছে। এটি মোকাবিলায় অপ্রমাণিত চিকিৎসা পদ্ধতিকে উৎসাহিত করেও সমালোচিত হয়েছেন তিনি। অন্যদিকে লুইজ সারা বিশ্বে যে নীতি অনুসৃত হচ্ছে, সেই লকডাউন ও সামাজিক দূরত্বের পদক্ষেপেই আস্থা রাখতে চেয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত