আগের দুই দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যুর হার কিছুটা হলেও কমেছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন মৃতের সংখ্যা ১,৮৯১ জন বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
করোনায় শুক্রবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৩,৮৫৬ জনের। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪,৪৯১ জনের।
আগেই শীর্ষে অবস্থান নেওয়া দেশটিতে মোট করোনায় আক্রান্তে মৃত্যুর সংখ্যা শনিবার পর্যন্ত দাঁড়িয়েছে ৩৮,৬৬৪ জনে।
আক্রান্তের দিক থেকেও সবার ওপরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি, ৭ লাখ ৩২ হাজার ১৯৭ জন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রবাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে করোনায় শনিবার ইউরোপ জুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। এর অর্থ করোনায় এখন পর্যন্ত মোট মৃতের দুই-তৃতীয়াংশই ইউরোপের।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫০০।
মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরের স্থানেই রয়েছে ইতালি, ২৩,২২৭। আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৭৬ হাজার ছুঁই ছুঁই।
মৃত্যুর তালিকায় তৃতীয়স্থানে আছে স্পেন, ২০ হাজার ৬০০ ছাড়িয়েছে। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৯৪ ছাড়িয়েছে।
১৯ হাজার ৩০০ ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় চতুর্থস্থানে ফ্রান্স। পঞ্চমস্থানে আছে যুক্তরাজ্য, ১৫ হাজার ৪০০ ছাড়িয়েছে।
ভারতে করোনা আক্রান্ত ১৫ হাজার ৭০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫২১ জন।
বাংলাদেশে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২,১৮৮ জন, মৃত্যু ৮৪ জনের।
