দেড় মাস পর বাইরে খেলার সুযোগ পাচ্ছে স্পেনের শিশুরা

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৩:০০ পিএম

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ১৪ মার্চ থেকে ঘরবন্দী স্পেনের শিশুরা। অবশেষে দেড় মাস পর বাইরে খেলার সুযোগ পাচ্ছে তারা। খবর বিবিসির।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, শিশুদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার চিন্তা করছেন তারা। ২৭ এপ্রিল থেকে তারা ‘তাজা বাতাস’ গ্রহণের জন্য বাইরে আসতে পারবে।

বার্সেলোনার মেয়র এইডিয়ে কোলাউ, যিনি নিজেই একজন মা, এই সপ্তাহে সরকারের কাছে অনুরোধ করেন শিশুদের যাতে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়।

শনিবার সন্ধ্যায় সানচেজ জানান, করোনার সর্বোচ্চ ধাক্কা স্পেন পেছনে ফেলে এসেছে, যাতে মহামারিটি নৃশংস থাবা চালিয়েছিল। তবে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসতে ৯ মে পর্যন্ত জাতীয় সতর্কতা জারি রাখা হতে পারে।

করোনার সংক্রমণ দেশটিতে সর্বোচ্চ পর্যায় থেকে নেমে আসলে কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে তার সরকার। তার মধ্যে শিশুদের বাইরে আসতে দেয়াসহ কিছু কর্মক্ষেত্র সচল করার উদ্যোগ নিয়েছেন সানচেজ। এর মধ্যে সোমবার সীমিত আকারে নির্মাণ ও উৎপাদন খাত সচল হয়েছে।

তবে শিশুরা একা বের হতে পারবে না, পরিবারের সদস্যদের সঙ্গে থাকবে তারা। খাবার বা ওষুধ কিনতে ইতিমধ্যে প্রাপ্তবয়স্কদের বাইরে যাওয়া অনুমতি আছে। তাদের সঙ্গে বের হবে শিশুরা।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত