বাগেরহাটে আইসোলেশনে মৃত বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন না

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৩:১০ পিএম

বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া ৬০ বছরের নুর ইসলামের শরীরে করোনাভাইরাসের উপসর্গ মেলেনি। তার মৃত্যু হয়েছে লিভারের জটিল সমস্যার কারণে। রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়ে এই তথ্য জানিয়েছেন বাগেরহাটের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এম হুমায়ুন কবির।

গত বৃহস্পতিবার বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ওই বৃদ্ধের মৃত্যু হয়। ওই দিনই করোনার আইসোলেশনে মৃত্যু হওয়া ওই রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠায়।

অন্যদিকে, গত ১৫ এপ্রিল বাগেরহাটের চিতলমারীতে করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ বছর বয়সী মসজিদের ইমামের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

শনিবার দুপুরে করোনাভাইরাসে আক্রান্ত ইমামের নমুনা সংগ্রহ করে আবারও ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছে মেডিকেল টিম।

আক্রান্তের মা, স্ত্রী, ভাইসহ পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

গত ৯ এপ্রিল এই ব্যক্তি ফরিদপুরের ভাঙা উপজেলা থেকে বাগেরহাটের চিতলমারীর গ্রামের বাড়িতে ফেরেন। তার বয়স ৩৫ বছর।

জেলার বাইরে থেকে আসায় গত ১১ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার বাড়িতে যায়। সেখানে গিয়ে তার শরীরে করোনাভাইরাসের যেসব উপসর্গ থাকার কথা তার শরীরে তা ছিল না। তারপরেও যেহেতু তিনি বাগেরহাটের বাইরে থেকে এসেছেন তাই করোনা সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠায় মেডিকেল টিম।

১৫ এপ্রিল ল্যাবে পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ওই বাড়িসহ পাশের তিনটি বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এই প্রতিবেদককে বলেন, গত কয়েকদিনে বাগেরহাটের নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে ১০২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে গত ১৫ এপ্রিল একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বাকিরা সবাই করোনামুক্ত বলে আমরা প্রতিবেদন হাতে পেয়ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত