ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৬:৫৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় সুলতান আহম্মেদ (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে সাদ্দাম হোসনে (৩০) নামে অপর একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আদনান জানান, ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে রাস্তার ডিভাইডারের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী সুলতান ও সাদ্দাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সুলতান রাতেই মারা যান।

নিহত সুলতান নায়েক হিসেবে ও সাদ্দাম পুলিশ সদস্য পদে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩ তে কর্মরত ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলে সাদ্দাম হোসেন।

পুলিশ দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত