গোদাগাড়ীতে চাল চুরির দায়ে আ. লীগ নেতা কারাগারে

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৯:২২ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির দায়ে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় তার বাড়ি থেকে ৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় আলাল উদ্দিন ওরফে স্বপনকে। তিনি গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির চালের পরিবেশক।

শনিবার সন্ধ্যায় তার বাড়ি থেকে চাল উদ্ধারের পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল উদ্দিন তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। শনিবার রাতেই পুলিশ তাকে আটক করে গোদাগাড়ী থানায় নিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপণ সূত্রে খবর পেয়ে আওয়ামী লীগের নেতা আলাল উদ্দিনের বাড়িতে অভিযানে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার ও গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। তারা অভিযান চালিয়ে আলাল উদ্দিন ও তার ভাইয়ের বাড়ি থেকে সরকারি এসব চাল উদ্ধার করে।  কিছু বস্তায় সরাসরি সরকারি সিল দেওয়া ছিলো। বাকি চালগুলোর বস্তা পরিবর্তন করা হয়েছিল।

আলাল উদ্দিন এলাকার ৫০০ কার্ডধারী মানুষের কাছে দশ টাকা কেজি দরে বিক্রি করার জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছিলেন। তার রেজিস্টারে দেখা গেছে, ৫০০ জনের মধ্যে ৪৯২ জনের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে। রেজিস্টারে কিছু ক্রেতার স্বাক্ষরের জায়গা ফাঁকা রয়েছে।

এদিকে, অভিযানের খবর শুনে স্থানীয় চাল বঞ্চিত লোকজন সেখানে গিয়ে বলেন, তাদের কার্ড অনেক দিন আগেই কেড়ে নেওয়া হয়েছে। তাদের চাল দেওয়া হয় না।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, রাতেই তার নামে মামলা করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি থেকে ৫০ কেজি ওজনের বস্তা এবং ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত