সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দররে নতুন টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর সম্মেলন কক্ষে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
প্রকল্পটির চুক্তিমুল্য ২১১৬ কোটি টাকা।
চুক্তিপত্রে বেবিচকের পক্ষে স্বাক্ষর করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান বেইজিং আরবান কন্সট্রাকশন গ্রুপ (বিইউসিজি) এর পক্ষে বাংলাদেশের কান্ট্রে হেড মি. হ্যারল্ড হুয়াং স্বাক্ষর করেন।
বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, প্রকল্পের কাজ শেষ হতে ২ বছর ৯ মাস সময় লাগবে। প্রকল্পের কাজ সমাপ্ত হলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, একটি কার্গো ভবন, আধুনিক এটিসি টাওয়ার, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রন এবং আধুনিক ফায়ার স্টেশন স্থাপন সম্ভব হবে। এর ফলে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা ছয় লাখ হতে ২০ লাখে উন্নীত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, প্রকল্পটি বর্তমান সরকারের একটি দূরদর্শী ও অতি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি বিইউসিজিকে বেবিচক এর ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে স্বাগত জানান।
প্রতিষ্ঠানটি সিলেটে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ও দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন নির্মাণ করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
মি. হ্যারল্ড তার বক্তব্যে বেইজিংসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে তাদের দক্ষতা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
সিলেটে দৃষ্টি নন্দন অত্যাধুনিক মানের স্থাপনা নির্মাণে বিইউসিজি সক্ষম হবে মর্মে তিনি প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেবিচক ও ঠিকাদার প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
