সরকার চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকার চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’ গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে খাদ্যপণ্য পরিবহনের দায়িত্ব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার দাবি জানান রিজভী। তিনি বলেন, আজকে কৃষি মার্কেট, কৃষিপণ্য পরিবহন খুবই গুরুত্বপূর্ণ।
এটা সব মানুষের জন্য জরুরি। এই খাদ্যপণ্য পরিবহনের জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হোক, এই পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের দায়িত্ব দেওয়া হোক। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে পিপিই বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা জাতীয় ঐক্যের কথা বলছি, আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতার কথা বলছি। কিন্তু সরকার এটাকে মনে করে যে, এটা বোধ হয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা বোধ হয় কোনো গভীর চক্রান্ত।’
×
