ধান কাটা শ্রমিকদের জন্য যাতায়াতের ব্যবস্থা রাখতে লকডাউন কার্যকরে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা পরিস্থিতি নিয়ে সোমবার সকাল ১০টায় গণভবন থেকে দুই বিভাগের আট জেলার প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স তিনি এ আহ্বান জানান।
হাওরের ধান কাটার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সরকার ধান কাটতে মেশিন দিয়ে সাহায্য করছে। ধান কাটার শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা নিয়েছে। লকডাউনের কারণে যাতায়াতে সমস্যা হচ্ছে। যারা ধান কাটতে অন্য এলাকায় যেতে চান, আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদের যাওয়ার ব্যবস্থা করে দেন।
তিনি বলেন, এ ধরনের মহামারীতে খাদ্য গুরুত্বপূর্ণ। আগামীতে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। এজন্য এখনই ব্যবস্থা নিতে হবে। আমরা যদি খাবার মজুদ রাখতে পারি তাহলে দুর্ভিক্ষ আসবে না। আমরা অন্যদের সহায়তা করতে পারব। আমরা এখন খাদ্যে উদ্বৃত্ত দেশ।
শেখ হাসিনা বলেন, ‘কারও এক খণ্ড জমিও যেন অনাবাদি না থাকে। যে যা পারেন, কিছু হলেও জমিতে উৎপাদন করুন। তাহলে আমরা মন্দা মোকাবিলা করতে পারবো।’
তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। আসছে রমজানে যাতে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ধান কেটে দেওয়ার জন্য বিভিন্ন সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগ কৃষকদের ধান কেটে দিচ্ছে। অন্যান্য সংগঠনকেও নির্দেশ হয়েছে মানুষের পাশে দাঁড়াতে।
