ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডে একই দলে খেললেও লিওনেল মেসির তুলনায় তাকে সেরা বলতে নারাজ ওয়েইন রুনি।
দুজনের পার্থক্য বোঝাতে গিয়ে সানডে টাইমসের কলামে রুনি লিখেছেন, ‘রোনালদো বক্সে নিষ্ঠুর। কিন্তু মেসি আপনাকে খুন করার আগে নির্যাতনও করবে!’
রুনি মেসির শ্রেষ্ঠত্ব দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালে। ২০০৯ এবং ২০১১ সালের সেই দুই ম্যাচে বার্সার কাছে হেরে যায় ম্যানইউ।
‘গোল করার দিক থেকে দুজনই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। কিন্তু তাদের ভেতর কখনো মিল নেই।’
‘রোনালদো আমার বন্ধু হলেও আমি সব সময় মেসিকে বেছে নেই। এটা ম্যাচের খাতিরেই।’
পেলে-ম্যারাডোনার মতো আধুনিক ফুটবলে মেসি-রোনালদো ‘বিতর্ক’ সব সময় চর্চিত বিষয়। এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন তারা। দুজনে মিলে ব্যালন ডি’অর জিতেছেন ১১ বার। রেকর্ড ৬ বার জিতেছেন মেসি। রোনালদো ৫ বার।
ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামও একদিন আগে মেসিকে ‘সেরা’ বলেন।
আর্জেন্টাইন সংবাদ এজেন্সি তেলামকে দেওয়া সাক্ষাৎকারে বেকহ্যাম বলেন, ‘মেসি যে ধরনের খেলোয়াড়, সেখানে সে একাই আছে। অন্য কারও পক্ষে তার সমপর্যায়ের হওয়া সম্ভব না। খেলোয়াড় হিসেবে তার মতো কেউ নেই।’
রোনালদোর প্রসঙ্গে তার মন্তব্য, ‘রোনালদো এখনো মেসির উচ্চতায় পৌঁছাতে পারেনি, তবে অন্যদের চেয়ে এগিয়ে আছে। তাদের দুজনের মেধা ও টেকনিকে অনেক মিল আছে। এটা সত্যিই খুব দারুণ ব্যাপার যে, তারা দুজন একই সময়ে খেলছে। তবে মেসি নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড়।’
