আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারকে ৬ বার আউট করেছেন জেসন গিলেস্পি। ব্রায়ান লারার বিপক্ষে সাফল্য পাননি কখনো। এরপরও অস্ট্রেলিয়ার সাবেক পেসার গিলেস্পের চোখে লারার চেয়ে শচীনকেই আউট করা কঠিন।
শচীন না লারা? একই সময়ের এই দুই ব্যাটিং গ্রেটের মাঝে কে সেরা, এই বিতর্ক চিরকালীন। সেই সময়ের সেরা সব বোলাররা হাপিত্যেশ করতেন এই দুজনের উইকেটের জন্য।
শচীন-লারার সময়ের সেরা বোলারদের একজনের তালিকায় হয়তো গিলেস্পিও আসবেন। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে একসময় যিনি ছিলেন নিয়মিত মুখ। ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন ও ক্যারিবীয় কিংবদন্তি লারা দুজনের বিপক্ষেই বোলিং করেছেন।
তবে অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা গিলেস্পির চোখে সলিড ডিফেন্সের কারণে শচীনকে আউট করা খুব কঠিন। অজি তারকার চোখে শচীনের চেয়ে লারা অনেক আক্রমণাত্মক ব্যাটসম্যান।
শচীন ও লারার উইকেট প্রসঙ্গে গিলেস্পি বলেন, ‘দুজনের ধরন ভিন্ন। দুজনকেই আউট করা কঠিন। তবে আমার সব সময় অনুভব হতো শচীনকে আউট করা সবচেয়ে কঠিন। আমার মনে হতো না শচীন আমাকে কখনো সেভাবে মারতে আসছে, অন্তত ব্রায়ান ক্ষেত্রে যতটা মনে হতো।’
লারা আক্রমণাত্মক বলেই তার উইকেট পাওয়া সম্ভব এই বিশ্বাস ছিল গিলেস্পির, ‘আমার সব সময় মনে হতো আমি ব্রায়ানকে আউট করার সুযোগ পাব। কারণ ওর খেলার ধরন বিস্তৃত ছিল। কিন্তু আমি বুঝতে পারতাম শচীনের ডিফেন্স ভাঙা অনেক বেশি কঠিন।’
