নারায়ণগঞ্জে হতদরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
তার নির্বাচনী এলাকা শহর ও বন্দরে ২০ হাজার মানুষের প্রত্যেককে ২০ কেজি করে চাল ঘরে ঘরে পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এতে ব্যয় হবে ২ কোটি ২৮ লাখ টাকা। এর আগে করোনা শুরু হওয়ার পর তিনি গোপনে নির্বাচনী এলাকার হতদরিদ্রদের জন্য ৭০ টন চাল স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করেন।
মঙ্গলবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ত্রাণ কার্যক্রমের ঘোষণা দিতে গিয়ে সেলিম ওসমান বলেন, স্কুল-কলেজের ছেলেমেয়েদের নিয়ে আমার নির্বাচনী এলাকায় গত ১৫ দিন ধরে সত্যিকারের অসহায় মানুষের খোঁজ নিয়েছি।
আমার এলাকায় ২০ হাজার মানুষ যারা ছোটখাট চাকরি করতেন, করোনার এই সময়ে তারা খারাপ অবস্থায় পড়েছে। নাসিকের কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে এই ত্রাণ পৌঁছে দেয়া হবে।
তিনি বলেন, আমার অঞ্চলের ২০ হাজার মানুষের প্রত্যেকের জন্য আমরা ২০ কেজি চাল যার আনুমানিক মূল্য ৯০০ টাকা হিসেব করে পৌঁছে দেব। সর্বমোট আমি ২ কোটি ২৮ লাখ টাকার একটি ফান্ড আমি সংগ্রহ করেছি দেয়ার জন্য।
সেলিম ওসমান বলেন, ত্রাণ পৌঁছে দেয়ার ব্যাপারে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে দীর্ঘক্ষণ কথা বলে একটি প্ল্যান করে সিদ্ধান্তটি নিয়েছি। অন্যদের সাথেও কথা হয়েছে।
তিনি বলেন্, রোজার মাসের জন্য ৬০০ ছেলেকে সাড়ে ৪ হাজার টাকা সম্মানি ভাতা দিয়ে কর্মজীবী করে তুলবো। তারা করোনা আক্রান্ত রোগী, দাফন কাফনে সহযোগিতা, পুলিশকে সহযোগিতা, ত্রাণ বিতরণে সহযোগিতা করবে। ত্রাণ বিতরণে যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি না হয়।
এই দুঃসময়ে অযথা বাড়িতে খাবার মজুদ না করার আহ্বান জানান সেলিম ওসমান। তিনি বলেন, আমি এর আগেও ১ লাখ ৩০ হাজার কেজি কাউন্সিলরদের মাধ্যমে চাল বিতরণ করেছি।
