নারায়ণগঞ্জের ফতুল্লায় মারপিটের মামলা তোলার হুমকি দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় রাজীব তালুকদার ওরফে ভিপি রাজীব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজীব ফতুল্লার পাগলা বউবাজার এলাকার হাসু তালুকদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পাগলা জাউল্লাপাড়া এলাকায় কাউছার নামে এক ব্যক্তিকে ২০১৬ সালে মারধর করেন রাজীব ও তার সহযোগীরা। সেই মামলা তুলে নিতে কয়েকদিন ধরেই কাউছারকে হুমকি দিচ্ছিলেন রাজীব। গত সোমবার বিকেলে কয়েকজন সঙ্গী নিয়ে কাউছারের বাড়ি যান রাজীব। গিয়ে মামলা তুলে নিতে চাপ দেন। এ সময় লোকজন রাজীব ও তার সহযোগীদের ধাওয়া করে। সহযোগীরা পালিয়ে গেলেও রাজীবকে ধরে রড দিয়ে পেটায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে রাজীব মারা যান। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
গোয়ালন্দে হামলায় আহত ব্যক্তির মৃত্যু : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা গ্রামে ১২ এপ্রিল প্রতিবেশীর হামলায় আহত আইজদ্দিন শেখ (৫৫) গত সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানান, তেনাপচা গ্রামের খলিল শেখ ও আজাই ফকীরের মধ্যে পাশাপাশি দুটি পায়খানার দুর্গন্ধ নিয়ে ঝগড়া বাধে।
